অর্ধবদ্ধ পদ্মাসন
প্রণালী
দু’পা সামনে ছড়িয়ে সোজা হয়ে বসুন। এইবার বাঁ পা হাঁটুর কাছে ভেঙে বাঁ পায়ের গোড়ালি দিয়ে ১৩ নং ছবির মত তলপেটের ডানদিকে লিঙ্গ মূলের কিঞ্চিৎ উপরে স্পর্শ করুন এবং বাঁ হাত পিঠের উপর দিয়ে নিয়ে গিয়ে বাঁ পায়ের আঙ্গুল ধরুন। এবং ডান হাত দিয়ে প্রসারিত ডান পায়ের আঙ্গুল ধরুন।
এই অবস্থায় দম ছাড়তে ছাড়তে তলপেট ভিতরে টেনে মাথা ১৩ নং ছবির মত ডান জানুতে লাগান।
প্রথম অভ্যাসকারীর পক্ষে এই অবস্থায় ডান জানু মাটিতে রাখা শক্ত হলে ডান জানু একটু উপরে তুলে রাখলে বিশেষ ক্ষতি হয় না।
এই অবস্থায় ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট থাকতে পারেন।
এরপর পা বদল করে আবার অভ্যাস করুন। ঠিক আগের মতো ডান পা হাঁটুর কাছে ভেঙে, ডান পায়ের গোড়ালি দিয়ে বাঁ দিকের মলাধার স্পর্শ করুন এবং ডান হাত পিঠের উপর দিয়ে নিয়ে গিয়ে ডান পায়ের আঙ্গুল ধরুন।
এখন বাঁ হাত দিয়ে প্রসারিত বাঁ পায়ের আঙ্গুল ধরে দম ছেড়ে তলপেট ভেতরে টেনে মাথা বাঁ জানুতে লাগান। এই অবস্থায় ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট থাকুন।
এই ক্রিয়া পা ও হাত পরিবর্তন ক'রে ৪ বার অভ্যাস করুন। অবস্থানকালে দম স্বাভাবিকভাবে নিতে ও ছাড়তে হবে।
উপকারিতা
ক্ষুধা বৃদ্ধি পায়, কোষ্ঠ পরিষ্কার হয় এবং সায়টিকা ইত্যাদি সকল রকমের কটিবাত আরোগ্য হয়।
