ভ্রমণ প্রাণায়াম
সকালে ও সন্ধ্যায় মুক্ত স্থানে, মাঠে বা ধূলা ও ধোঁয়াবিহীন রাস্তায় মেরুদণ্ড সরল ও টান রেখে সোজা হয়ে হাঁটবেন। হাঁটার সময় প্রতি ৪ বার পদক্ষেপের সঙ্গে সঙ্গে ১, ২, ৩, ৪ উচ্চারণের সাথে সাথে উভয় নাক দিয়ে বায়ু গ্রহণ বা পুরক করবেন।
পুরক শেষ হওয়া মাত্রই আবার ৪ বার পদক্ষেপের সঙ্গে আগের মত ১, ২, ৩, ৪ উচ্চারণের সাথে সাথে নাক দিয়ে বায়ু ত্যাগ বা রেচক করবেন।
প্রথম প্রথম ৪ পদক্ষেপে বায়ু গ্রহণ বা পুরক এবং ৪ পদক্ষেপে বায়ু ত্যাগ বা রেচক করবেন। ৩/৪ সপ্তাহ এই রকমভাবে অভ্যাসের পর ৪ পদক্ষেপে বায়ু গ্রহণ বা পুরক এবং ৬/৮ পদক্ষেপে বায়ু ত্যাগ বা রেচক অভ্যাস করবেন।
এইভাবে হাঁটাকে ভ্রমণ প্রাণায়াম বলে। এই ভ্রমণ প্রাণায়াম নিজ নিজ সামর্থ্যানুযায়ী ১০/১৫ মিনিট অভ্যাস করবেন।
উপকারিতা
বয়স্ক লোকদের পক্ষে ভ্রমণ প্রাণায়াম বিশেষ উপকারী। এই প্রাণায়াম অভ্যাসে ফুসফুস ও হৃদযন্ত্র অধিক কর্মক্ষম এবং রক্ত অধিকতর পরিশোধিত হয়।
কোনো রোগে ভোগার ঠিক পরেই এই প্রাণায়াম অভ্যাসে রোগীর শারীরিক দুর্বলতা দুর হওয়ায় তার পক্ষে হারানো স্বাস্থ্য পুনরুদ্ধার করা সহজ হয়।
