মহামুদ্রা
যোগ শাস্ত্রকারেরা বলেন— এই মুদ্রা অভ্যাসে বার্ধক্যকে দূরে সরিয়ে এবং বিবিধ রোগ আরোগ্য ক'রে মহাশক্তি লাভ করা যায়—তাই এই মুদ্রার নাম মহামুদ্রা।
প্রণালী
ডান পায়ের হাঁটু ভেঙে গোড়ালি যোনীমণ্ডলে (লিঙ্গ ও গুহ্যের মধ্যবর্তী স্থানে) দৃঢ়ভাবে সংযুক্ত করুন। বাঁ পা সামনে ছড়িয়ে দু'হাত দিয়ে বাঁ পায়ের আঙ্গুলগুলি ধরুন এবং হাঁটু যাতে ভূমি সংলগ্ন থাকে—সেদিকে দৃষ্টি রাখুন।
এখন ৭৩ নং ছবির মত চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ রেখে (অর্থাৎ জালন্ধরবন্ধ করে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে করতে গুহ্যদ্বার কুঞ্চিত করে তলপেট ভিতর দিকে টানুন।
পূর্ণ শ্বাস গ্রহণ শেষ হওয়া মাত্র ধীরে ধীরে শ্বাসত্যাগের সঙ্গে সঙ্গে গুহ্যদ্বারের কুঞ্চন ত্যাগ করে তলপেট শিথিল করুন। এবং চিবুক মুক্ত করুন।
এই অবস্থায় ৮/১০ বার অভ্যাস করবার পর ৩০ সেকেন্ড শবাসন করুন।
এর পর পা বদলে অর্থাৎ বাঁ পায়ের গোড়ালি যোনিমণ্ডলে সংযুক্ত করে ডান পা ছড়িয়ে ডান পায়ের আঙ্গুলগুলি দু'হাতে ধরে চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ করে আগের মত দম নিতে নিতে গুহ্যদ্বার কুঞ্চন ও তলপেট আকর্ষণ করে পূর্ণশ্বাস গ্রহণের পর দম ছাড়তে ছাড়তে কুঞ্চন ও আকর্ষণ শিথিল করুন।
এইভাবে ৮/১০ বার অভ্যাস করবার পর ৩০ সেকেন্ড শবাসন করুন।
উপকারিতা
কোষ্ঠবদ্ধতা, লিভারের দোষ, ভগন্দর, অর্শ প্রভৃতি এই মুদ্রা অভ্যাসে আরোগ্য হয়। যুবকদের সুপ্তিস্খলন দুর হয় এবং স্ত্রী পুরুষ উভয়েরই যৌন-মিলনের ধারণশক্তি বৃদ্ধি পায়।
এই মুদ্রা অভ্যাসে মেয়েদের মাতৃগ্রন্থিকে (ওভারি) সুস্থ ও সবল রাখে, ঋতুস্রাবজনিত ব্যাধি হতে পারে না।
এ ছাড়া জরায়ুর দুর্বলতা, জরায়ুর স্থানচ্যুতি এবং নানাকারণে স্বাস্থ্যহানির জন্যে মেয়েদের যৌনদুর্বলতা নিরাময় করতে এই আসন বিশেষ ফলপ্রদ।
