‘মুদ্রা' শব্দের অর্থ আনন্দ বা ছাপ। যে ক্রিয়া অভ্যাস করলে দেহ-মনের অসীম আনন্দলাভ হয়, দেহ মনের অশেষ কল্যাণ হয়, তাকে মুদ্রা বলে।

অন্যভাবে, যে সমস্ত ক্রিয়া অভ্যাসে দেহমনের উপর এমন ছাপ পড়ে যাতে অ স্বাস্থ্যে দেহ মনের উন্নতি লাভের পথ সুগম হয় – সেই সমস্ত ক্রিয়ার নাম মুদ্রা।

মুদ্রা আসন-এরই মতো। আসন অভ্যাসে আমাদের অস্থি, পেশী ও স্নায়ুতন্ত্রগুলো সুস্থ ও সবল হয়। অন্যদিকে, মুদ্রা অভ্যাসে বহিঃস্রাবী ও অন্তঃস্রাবী গ্রন্থিসমূহ অধিক কর্মক্ষম ও সুস্থ থাকে।

দৈহিক সুস্থতার জন্যে স্নায়ুতন্ত্রের চেয়ে গ্রন্থিসমূহের উপর আমাদের অধিক নির্ভর করতে হয়। গ্রন্থিসমূহের সবলতা ও কর্মক্ষমতার উপর আমাদের স্নায়ুতন্ত্রসমূহের সুস্থতা, সবলতা ও কর্মক্ষমতা নির্ভর করে।

ধ্যানাসন বা স্বাস্থ্যাসন অভ্যাসকালে দম স্বাভাবিকভাবে নিতে ও ছাড়তে হয়। কিন্তু মুদ্রা অভ্যাসকালে কখনও ধীরে ধীরে দীর্ঘশ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হয়—কখনও বা একেবারে দম বন্ধ করে বা ছেড়ে মুদ্রা অভ্যাস করতে হয়।