উড্ডীয়ান নৌলির ভিত্তি। ভাল করে উড্ডীয়ান আয়ত্ত করতে না পারলে নৌলি করা সম্ভব নয়।

প্রণালী—প্রথমে উড্ডীয়ান করে দাঁড়ান। এইবার দম সম্পূর্ণ ছেড়ে দিয়ে তলপেট ভেতরের দিকে টেনে পেটের দুপাশের পেশীগুলি চেপে পেটের মধ্যস্থলের পেশীটি ফুলিয়ে দিন। 

এমন করলে পেটের মধ্যে টাগ্-অব্-ওয়ার্ রোপ্-এর মত একটা মোটা পেশী দেখা যাবে— এরই নাম নৌলি মধ্যম। ৭২ নং ছবি দেখুন। 

১০/১২ সেকেন্ড এই অবস্থায় থেকে পেশী শিথিল করে দিন। প্রথম প্রথম ৩/৪ বার অভ্যাস করে পরে ক্রমান্বয়ে ৮/১০ বার অভ্যাস করা দরকার। অভ্যাসের পর ১ মিনিট শবাসন করতে হয়।

নৌলি মধ্যম ঠিকমত আয়ত্ত করতে পারলে দক্ষিণ বা বাম নৌলি অভ্যাস করা যায়। নৌলি মধ্যমে পেটের যে সকল পেশী ফুলে ওঠে, তাদের দু'ভাগে ভাগ করা যায়।

বাঁ দিকের পেশীগুলোকে চেপে ডান দিকের পেশীগুলিকে ফুলিয়ে দিলে দক্ষিণ নৌলি হয়, আর ঠিক এই রকমভাবে ডান দিকের পেশীগুলিকে চেপে বাঁ দিকের পেশীগুলিকে ফুলিয়ে দিলে বাম নৌলি হয়।

উড্ডীয়ান ও নৌলি ১২/১৪ বৎসরের কম বয়সের ছেলেদের এবং যেসব মেয়ের ঋতু সুপ্রতিষ্ঠিত হয়নি তাদের  অভ্যাস করা উচিত নয়। 

এছাড়া যাদের হৃদযন্ত্র দুর্বল বা তলপেটে কঠিন রোগ আছে, এমন লোকদের অভ্যাস করা উচিত নয়৷

উপকারিতা—নৌলি ক্রিয়ায় ভুক্তদ্রব্য সহজে হজম হয়, কোষ্ঠ প্রভৃতি পেটের অসুখ নিরাময় হয় এবং যকৃৎ, প্লীহা, মূত্রাশয় ইত্যাদির দোষ ও দুর্বলতা দূর হয়।