সুস্থদের যোগব্যায়ামের নিয়মকানুন
এতগুলো যোগব্যায়াম ও খালি হাতে ব্যায়াম একত্রে একদিনে কখনও অভ্যাস করা সম্ভব নয়—আর সম্ভব হলেও অভ্যাস করার প্রয়োজন হয় না।
এইগুলো একত্রে সমাবেশের প্রধান কারণ ব্যায়ামে বৈচিত্র আনা—একই ব্যায়াম, তা যতই ভাল হোক না কেন, রোজ অভ্যাস করতে ভাল লাগে না। আর কোন কারণে ব্যায়াম অভ্যাস ভাল না লাগলে, ব্যায়ামে মনঃসংযোগ করা সম্ভব নয়। ফলে ব্যায়াম অভ্যাসে ফল লাভ হয় না।
সুস্থ ব্যায়াম অভ্যাসকারীর রোজ ৫/৬ টি খালি হাতে ব্যায়াম অভ্যাস করবার পর ২/৩ মিনিট শবাসন -এ বিশ্রাম নিয়ে ৭/৮ টি যোগব্যায়াম এই সাইটে দেওয়া নির্দেশমত অভ্যাস করবার পর, সর্বশেষে ৫ মিনিট শবাসন করে দৈনিক ব্যায়াম অভ্যাস শেষ করবেন।
অসুস্থ মানুষের ক্ষেত্রেও নিয়মকানুন একই। খালি হাতে ব্যায়াম এবং শবাসন অভ্যাস করতে হবে একই পদ্ধতিতে। শুধু যোগাসন করতে হবে রোগ অনুযায়ী।
সর্বাঙ্গাসন বা সর্বাঙ্গ সাধন মুদ্রা, মৎস্যাসন ও শবাসন ছাড়া কোন আসনই ১/২ মাসের বেশি অভ্যাস করার প্রয়োজন নেই। প্রতি ২ মাস অন্তর ব্যায়াম তালিকার পরিবর্তন করা যেতে পারে।
দৈনিক তালিকায় হাতের, বুকের, মেরুদন্ডের ও পায়ের যাতে ব্যায়াম হয়, এমন একটি করে ব্যায়াম এই সাইটে দেওয়া খালি হাতে ব্যায়াম থেকে গ্রহণ করবেন এবং বিভিন্ন গ্রন্থি ও স্নায়ুর মধ্যে যাতে রক্ত ভালভাবে চলাচল করে, তার জন্যে যোগব্যায়াম থেকে নিজ প্রয়োজন মত ৭/৮ টি আসন ও মুদ্রা নির্বাচন করে অনুশীলন করবেন।
এভাবে নির্বাচিত খালি হাতে ব্যায়াম, আসন এবং মুদ্রাগুলো দু'মাস অভ্যাসের পর ব্যায়ামের একঘেয়েমি দূর করবার জন্যে দৈনিক ব্যায়াম তালিকার আমূল অথবা আংশিক পরিবর্তন করতে হবে।
ব্যায়াম তালিকা নির্বাচনে বা পরিবর্তনে যথেষ্ট বিচার বুদ্ধির প্রয়োজন। ব্যায়ামকারীদের সুবিধার জন্যে এই সাইটে সুস্থ ব্যায়াম শিক্ষার্থীদের জন্যে বয়সভিত্তিক ব্যায়াম তালিকা দেওয়া আছে।
