প্রণালী

প্রথমে ২০ নং ছবির মত বজ্রাসন-এ বসুন। এখন হাঁটু দু'টি আস্তে আস্তে দু পাশে সরাতে থাকুন যে পর্যন্ত না উরুর সন্ধিস্থলে অল্প চাপ পড়ে। 

এইবার পায়ের পাতা দুটি অল্প সরিয়ে নিতম্বদেশ মাটিতে রেখে উভয় পায়ের বুড়ো আঙ্গুল পরস্পরের সঙ্গে সংলগ্ন করুন।


এই অবস্থায় আস্তে আস্তে দু চোয়াল প্রসারিত করে মুখ-বিবর যতটা সম্ভব ফাঁক করে জিহ্বা সাধ্যমত সামনে শিথিলভাবে বের করে এবং নাসাগ্রে (নাকের আগায়) দৃষ্টি নিবদ্ধ করে ২২ নং ছবির মত দুহাত জানুর উপর রেখে মেরুদণ্ড সোজা করে বসুন।


এই অবস্থায় নাক দিয়ে দম নিয়ে সাধারণভাবে ১৫/২০ সেকেন্ড দিয়ে শব্দ সহকারে দম ছাড়ুন, দম ছাড়ার সময় ভোকাল কর্ড কাঁপবে। পরে নাক  দিয়ে দম নিন।


এইভাবে ৫/৬ বার অভ্যাস করুন। 


এই আসন বেশ কয়েকদিন অভ্যাসের পর অভ্যাসকারী ২২ নং ছবির মত জিহ্বাটি সম্পূর্ণ বের করে চিবুকটি কণ্ঠকূপে চেপে অর্থাৎ জালন্ধরবন্ধ করে দম নিতে ও ছাড়তে পারেন।


উপকারিতা


এই আসন কণ্ঠের চার পাশের পেশীর কর্মক্ষমতার অভাবজনিত তোতলামি সারাতে সক্ষম। স্বরের কর্কশতা বহুল পরিমাণে দুর হয় এবং সঙ্গীত শিক্ষার্থীদের গলার স্বর মিষ্ট হয়। 


শ্রবণশক্তি বৃদ্ধি করে এবং টন্‌সিলের অসুস্থতা দূর করতে সহায়তা করে। এই আসনের সঙ্গে সর্বাঙ্গাসন, মৎস্যাসনহলাসন অভ্যাস করলে আরও দ্রুত ফললাভ হয়।